যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এবার রাতের আঁধারে চালানো এক হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা নিহত হয়েছেন। একই হামলায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রীও। বুধবার (২৫ নভেম্বর) রাতে মধ্য গাজায় এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গাজার উপশিক্ষামন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
নেতানিয়াহুর দাবি, খালেদ আবু নাদা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্ব পালন করতেন। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক হামলার অংশ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু আরও দাবি করেছেন, গত এক মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাসের ৮০ জন যোদ্ধা নিহত হয়েছেন। তবে এসব হামলায় নিহত বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের বিষয়ে তিনি কোনো তথ্য উল্লেখ করেননি।
২০২৫ সালের আগস্টে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, হামাস তাদের হাতে আটক সব জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশের সুযোগ দেওয়া এবং বেসামরিক নাগরিকসহ উপত্যকাটিতে সব ধরনের হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়।
তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা থেমে থাকেনি। বরং প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের ধারাবাহিক হামলা বন্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড অব্যাহত রাখার অবস্থান জানিয়েছে ইসরায়েল।
এর আগে বুধবার গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধানকেও হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই হামলায় তার স্ত্রী ও দুই মেয়েও নিহত হন।
সূত্র: টাইমস অব ইসরায়েল








