বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়লো সাপ, উপস্থিতি ঘিরে চাঞ্চল্য

ভারতের বিহার রাজ্যে এক বিধায়কের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অতিথিদের ভিড়ে একটি বাদামি রঙের সাপ ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২৫ নভেম্বর) মকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাপি কার্পেটের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে একটি সাপ। এ সময় এক যুবক সেটিকে ধরার চেষ্টা করেন। সাপটি দেখে কয়েকজন অতিথি নিরাপদ দূরত্বে সরে যান। অন্যদিকে উপস্থিত অনেকেই মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করতে থাকেন।
ভিডিওতে আরও দেখা যায়, কয়েকবার চেষ্টার পর ওই যুবক সাপটির লেজ ধরে ফেলেন। পরে সেটিকে মাথার ওপর দিয়ে ছুড়ে প্যান্ডেলের বাইরে ফেলে দেন। ঘটনাটি ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।
অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম বিহারের পাটনা জেলার লাদমায় মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। ‘ছোটে সরকার’ নামে পরিচিত এই প্রভাবশালী বিধায়ক মেয়ের বিয়েতে ব্যাপক আয়োজন করেন। প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় পাঁচ লাখ অতিথির সমাগম হয়েছিল। অতিথিদের যাতায়াতের সুবিধার্থে মহাসড়কের পাশে নির্মাণ করা হয় একটি হেলিপ্যাড।
এ ছাড়া প্রায় ১২ বিঘা জমিতে ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য পৃথক মাঠ তৈরি করা হয়েছিল। তবে স্থানীয় লোকজন দৌড়ের ট্র্যাক দখল করে নেওয়ায় বুধবার প্রতিযোগিতাটি সম্পন্ন করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানের বর ঋষিকেশ কুমার ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। বিয়ের আমন্ত্রণপত্রেও তার নামের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও বিশ্ববিদ্যালয়ের পরিচয় উল্লেখ করা হয়।
বিয়ের আগে অনুষ্ঠিত তিলক আয়োজনে ঋষিকেশকে প্রায় ৩ কোটি রুপি দামের একটি সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি তাকে দেওয়া হয় ১০০ গ্রাম ওজনের একটি সোনার চেইন এবং ৮০ গ্রাম ওজনের একটি সোনার ব্রেসলেট।
সূত্র: এনডিটিভি








