Logo

এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ১৯:৩১
এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য প্রথমবারের মতো ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে থালাপতি বিজয়ের সরকার। সন্তান জন্মের আগে কিংবা জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে এই ছুটি ভোগ করতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের উদ্যোগে নতুন এই ছুটি কার্যকর করার ঘোষণা এসেছে।

সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবিতে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্ত্রীর পাশে থাকা এবং নবজাতকের যত্নে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতেই বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এ ছুটি নেওয়া যাবে।

সরকারের মতে, নারী কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি চালুর পাশাপাশি পুরুষদের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা পরিবারে দায়িত্ব ভাগাভাগি এবং সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে।

এর আগে গত আগস্টে তামিলনাড়ু সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দেয়।

রাজ্যটিতে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে। ২০১১ সালে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস, ২০১৬ সালে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে তা এক বছর বা ৩৬৫ দিন করা হয়। ডিএমকে ও এআইএডিএমকে নেতৃত্বাধীন সরকারগুলোর সময়ে এসব পরিবর্তন আনা হয়েছিল।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত নিয়মে দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশনা ও পরবর্তী সংশোধিত বিধান অনুযায়ী, দুই বা তার বেশি জীবিত সন্তান থাকা নারী সরকারি কর্মীরাও পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD