মামাতো ভাইকে ভালোবেসে শেষ পর্যন্ত যে পরিণতি হলো তরুণীর

ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করায় ১৯ বছর বয়সী এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। পরিবারের দাবি অনুযায়ী, অন্যত্র বিয়েতে রাজি না হওয়ায় ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টাও করেন তিনি।
বিজ্ঞাপন
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। তিনি তেলেঙ্গানার আদিলাবাদ জেলার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। কিন্তু এর মাত্র দুই দিন আগে, ২৩ নভেম্বর সন্ধ্যায় পরিবারের কাছে নিজের মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানান তিনি।
এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ও কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা— এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয়।
হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে তিনি জানান, মা-বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, তরুণীর মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা দ্রুত শেষকৃত্য সম্পন্ন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা কৈলাস স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ ও অন্যান্য বিষয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।








