নতুন করে কুয়েতে হামলা চালিয়েছে ইরান, আহত ৪ বিদেশি নাগরিক

কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একাধিক ড্রোন ছোড়া হয়। এসব ড্রোনের লক্ষ্য ছিল একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে হামলার লক্ষ্যবস্তু হিসেবে কোন স্থাপনাকে নির্ধারণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি রয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আকাশে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
কুয়েতে ড্রোন হামলার প্রায় একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানেও হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিও ছিল।
এর আগে একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত নিজেদের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের সেনারা।
ভৌগোলিক আয়তনে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত ছোট হলেও দেশটিতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্যসংখ্যক সেনা মোতায়েন রয়েছে। ইরানের হামলার ক্ষেত্রে এসব মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়েছে।
এদিকে গত সপ্তাহেও বাহরাইনে একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলার ঘটনায় দেশটির একটি তেল ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র: আলজাজিরা।








