Logo

এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল, ইতিহাসের সর্বোচ্চ দরপতনে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৬
এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল, ইতিহাসের সর্বোচ্চ দরপতনে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন ভয়াবহ রূপ নিয়েছে। অব্যাহত অবমূল্যায়নের ধারাবাহিকতায় দেশটির মুদ্রার বিনিময়মূল্য ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। শনিবার (২৮ নভেম্বর) মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৩০ লাখ ইরানি রিয়াল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের চাপের মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়েছে রিয়ালের বিনিময়মূল্যেও।

মুক্তবাজারের মুদ্রার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার এক ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এই দর ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

অন্যদিকে, অ্যালানচেন্ডের তথ্যেও রিয়ালের আরও অবমূল্যায়নের চিত্র উঠে এসেছে। ওয়েবসাইটটির হিসাবে, এক মার্কিন ডলার কিনতে ব্যয় করতে হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ইরানি রিয়াল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই অর্থনৈতিক সংকটে ছিল ইরান। যুদ্ধ শুরুর পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির প্রভাবে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির পেছনে অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে উল্লেখ করা হয়েছে। গত জুলাই থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর থাকায় সমুদ্রপথে পণ্য আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিকল্প হিসেবে স্থলপথে পণ্য পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে দেশটিকে। তবে এই পথেও বাণিজ্য সীমিত করতে যুক্তরাষ্ট্র একটি টাস্কফোর্স গঠন করেছে।

এর মধ্যেই চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং দেশটির ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক বন্ধ করাই নতুন নিষেধাজ্ঞার অন্যতম উদ্দেশ্য।

সব মিলিয়ে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক অবরোধ, যুদ্ধের প্রভাব ও মূল্যস্ফীতির চাপে ইরানের অর্থনীতি গভীর সংকটের মুখে পড়েছে। এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে দেশটির মুদ্রাবাজারে।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD