স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণে ইরান ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ ঘটনায় স্পেসএক্সের অভ্যন্তরে অসন্তোষ তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের দুটি ঘটনার সঙ্গে ইরানের সামরিক তৎপরতার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করেছে স্পেসএক্সের একটি দল। বিষয়টি জানার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ক্ষুব্ধ হয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীও চালকবিহীন একমুখী আক্রমণকারী বিমান পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন রয়েছে বলে তাদের জানা নেই।
ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ব্যবহারের অনুমোদন নেই। তবে দেশটিতে সরকারের কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের কারণে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের প্রবণতা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
স্টারলিংক হলো ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অন্যদিকে স্টারশিল্ড হচ্ছে সামরিক ও সরকারি ব্যবহারের জন্য তৈরি স্টারলিংকের বিশেষ সংস্করণ।
ইরানের সামরিক তৎপরতায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অভিযোগ এবং মার্কিন বাহিনীর নিজস্ব সামরিক প্রয়োজনে একই প্রযুক্তির ব্যবহার—দুই বিষয়ই নতুন করে আন্তর্জাতিক মহলে প্রযুক্তি ও সামরিক নিরাপত্তা নিয়ে আলোচনা তৈরি করেছে।
সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট।








