মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন। তাঁদের সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রামগড়ের সাব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে জানান, গাড়িটিতে তিনজন নারীসহ ১৩ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে।
তবে কী কারণে এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার পিটিআইকে জানান, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। গাড়িটিতে মোট ১৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজন গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: এনডিটিভি।








