আজ মনের ভেতরের অনুভূতির ওপর আস্থা রাখার দিন

জীবনের প্রতিটি ধাপে মানুষকে ছোট-বড় নানা সিদ্ধান্ত নিতে হয়। কখনও দীর্ঘ চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত আসে, আবার কখনও হঠাৎ মনের ভেতর থেকে একটি অনুভূতি কাজ করে—যা বলে দেয় কোন পথটি সঠিক হতে পারে। অনেক সময় এই অন্তর্দৃষ্টিই মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। সেই ভেতরের অনুভূতির গুরুত্ব তুলে ধরতেই পালিত হয় ‘নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করার দিন’।
বিজ্ঞাপন
দিনটি মানুষকে নিজের মনের ইশারা ও অনুভূতির প্রতি আস্থা রাখতে উৎসাহিত করে। অনেক ক্ষেত্রে বিশ্লেষণ বা যুক্তির আগেই মানুষের মন পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা দেয়। এই মানসিক সংকেতকেই সাধারণত অন্তর্দৃষ্টি বলা হয়।
আরও পড়ুন: খুব সহজে যেভাবে চিনবেন ভালো আম
বিশেষজ্ঞদের মতে, কেউ যদি নিজের এই অনুভূতিকে সঠিকভাবে বুঝতে ও মূল্যায়ন করতে পারেন, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ে। একই সঙ্গে জটিল পরিস্থিতি মোকাবিলাও সহজ হয়ে ওঠে। আত্মসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রেও অন্তর্দৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিজ্ঞাপন
মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের অবচেতন মন অতীত অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফলে অনেক ক্ষেত্রে এই ভেতরের অনুভূতি বাস্তব পরিস্থিতি বুঝতে কার্যকর ভূমিকা রাখে।
গবেষণায় দেখা গেছে, মানুষ যাকে গাট ফিলিং বলে, তার পেছনেও শরীরের জৈবিক প্রক্রিয়া কাজ করে। বিশেষ করে যারা শরীরের সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারেন, তারা অনিশ্চিত পরিস্থিতিতে বেশি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন।
বিজ্ঞাপন
অভিজ্ঞতার ওপর ভিত্তি করেও এই অনুভূতি তৈরি হয়। অগ্নিনির্বাপণ, চিকিৎসা বা সামরিক বাহিনীর মতো পেশায় দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় বিশ্লেষণের আগেই সঠিক সিদ্ধান্তে পৌঁছান অভিজ্ঞরা।
মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যানের গবেষণায় মানুষের চিন্তাকে দুটি ভাগে ব্যাখ্যা করা হয়েছে—একটি দ্রুত ও স্বতঃস্ফূর্ত, অন্যটি ধীর ও বিশ্লেষণধর্মী। দৈনন্দিন জীবনে দ্রুত সিদ্ধান্তের ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ত অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, সব সময় শুধু অনুভূতির ওপর নির্ভর করা ঠিক নয়। যুক্তি, অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলেই সিদ্ধান্ত আরও কার্যকর ও বাস্তবসম্মত হয়।
বিজ্ঞাপন
তাই মনের ভেতরের নীরব সংকেত কখনও কখনও সঠিক পথ দেখালেও, সেটিকে যুক্তি ও বাস্তবতার সঙ্গে মিলিয়ে বিচার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।








