Logo

জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ দশমিক ৪ শতাংশ মফস্বলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৭:১৪
জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ দশমিক ৪ শতাংশ মফস্বলে
ছবি: সংগৃহীত

জুলাই মাসে দেশের বিভিন্ন এলাকায় ৫০ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৯১ দশমিক ৪ শতাংশ সাংবাদিক জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (১ আগস্ট) মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট (মিড) প্রকাশিত জুলাই ২০২৬-এর সাংবাদিক নির্যাতন পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সাংবাদিক নির্যাতনের ৩৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯টি ঘটনায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা মোট ঘটনার ৪৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া ১১টি শারীরিক হামলার ঘটনা ঘটেছে, যার হার ২৮ দশমিক ২ শতাংশ। আইনি হয়রানি বা মামলার ঘটনা ছয়টি, যা ১৫ দশমিক ৪ শতাংশ। আর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা রয়েছে তিনটি, অর্থাৎ ৭ দশমিক ৭ শতাংশ।

মিডের পর্যবেক্ষণ অনুযায়ী, সাংবাদিকদের ভয় দেখিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখার ক্ষেত্রে প্রাণনাশের হুমকি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি হামলা, মামলা ও অন্যান্য সহিংস পদ্ধতির মাধ্যমেও সাংবাদিকদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নথিভুক্ত ৩৯টি ঘটনার মধ্যে ৩২টিই ঘটেছে জেলা ও উপজেলা পর্যায়ে। বিপরীতে রাজধানী ও মহানগর এলাকায় ঘটেছে সাতটি ঘটনা। এতে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক নির্যাতনের এসব ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, ভূমিদস্যু, অবৈধ বালু উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং কিছু ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেদনে সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ হিসেবে তিনটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করা, রাজনৈতিক সংঘাতের সংবাদ সংগ্রহ এবং প্রকাশিত প্রতিবেদনের জেরে প্রতিশোধ নেওয়া।

বিজ্ঞাপন

৩৯টি ঘটনার মধ্যে ১৮টিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে মামলা হয়েছে মাত্র পাঁচটি ঘটনায়। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র দুজন।

অধিকাংশ ঘটনায় বিচারিক অগ্রগতি না থাকায় দায়মুক্তির প্রবণতা আরও জোরালো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, মফস্বলে কর্মরত সাংবাদিকরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা নিয়মিত হামলা, হুমকি ও হয়রানির মুখোমুখি হচ্ছেন। তাদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD