ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে হুমকিদাতাদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
ঘটনার পর গত ২২ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ। জিডিতে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ সংরক্ষণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা স্ট্রিম। প্রতিবেদনে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। সেখানে প্রতিবেদনটি মুছে ফেলে ক্ষমা না চাইলে ১২ ঘণ্টার মধ্যে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, গণমাধ্যমকে এ ধরনের হুমকি দেওয়া নিন্দনীয় ও দুঃখজনক। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাটি উদ্বেগ তৈরি করেছে বলেও মনে করছে সংগঠনটি।
সংগঠনটির মতে, কোনো প্রতিবেদন প্রকাশের পর গণমাধ্যমকে সাইবার হামলার হুমকি দেওয়া হলে তা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
এ কারণে হুমকিদাতাদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপদ পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।








