রিপাবলিক বাংলা ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশেও আলোচিত এই সাংবাদিক বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঠিক কী কারণে তিনি চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিজ্ঞাপন
পোস্টে ময়ূখ জানান, বুধবার সকালে রিপাবলিক বাংলায় তার শেষ কর্মদিবস ছিল। তিনি বলেন, চ্যানেল ছাড়ার কারণ ও এর পেছনের বিস্তারিত বিষয় নিয়ে এখনই কথা বলার সময় নয়। ভবিষ্যতে কী করবেন, সেটিও সময়ের সঙ্গে পরিষ্কার হবে বলে ইঙ্গিত দেন তিনি।
নিজের সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান ময়ূখ। তিনি বলেন, ২০২৫ সালেই তিনি চাকরি ছাড়ার বিষয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের কাজ ও সাংবাদিকতার ভূমিকা নিয়েও পোস্টে নানা মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ময়ূখ বলেন, তিনি রাষ্ট্রবাদ ও হিন্দুত্ববাদের পক্ষে জনমত তৈরি এবং দেশবিরোধী বয়ান ঠেকানোর বিষয়কে নিজের কাজের অংশ হিসেবে দেখেন। একই সঙ্গে এসব বক্তব্য ও অবস্থান নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত বলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
চ্যানেল ছাড়ার ঘোষণা দিয়ে দেওয়া পোস্টে নিজের প্রতি দর্শক-সমর্থকদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন এই সাংবাদিক। তার দাবি, একদল মানুষ তাকে গভীরভাবে সমর্থন করেন, আবার অন্য একটি অংশ তাকে তীব্রভাবে সমালোচনা করে। এই দুই ধরনের প্রতিক্রিয়াকেই নিজের পরিচিতির একটি অংশ হিসেবে দেখছেন তিনি।
ময়ূখ আরও ইঙ্গিত দেন, তার বিদায়ে যারা স্বস্তি প্রকাশ করছেন, তারা যেন বিষয়টিকে চূড়ান্ত সমাপ্তি হিসেবে না দেখেন। তার ভাষায়, সামনে আরও কিছু ঘটতে পারে এবং ‘খেলা কেবল শুরু’।
বিজ্ঞাপন
বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের মধ্যেই ময়ূখের রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা আসে। একই দিনে দেওয়া আরেকটি পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ হিসেবে বর্ণনা করেন।








