Logo

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে: আইনমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে। সময় খুব কঠিন। সারা বিশ্বে সব কিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী...

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে। সময় খুব কঠিন। সারা বিশ্বে সব কিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। আমরা এ অবস্থা থেকে উত্তরণে আপ্রাণ চেষ্টা করছি।

সোমবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি কোনো সভ্য রাষ্ট্র, মানবতাবাদী রাষ্ট্র খুনিদের প্রশ্রয় দেবে না। দু’জন খুনিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে। আরো তিনজন খুনি কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইঁদুরের গর্তে ঢুকেও কেউ রক্ষা পাবে না।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি ‘জটিলতার’ কথা উল্লেখ করে তিনি জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ডের কথা নেই। তাদের আইনে বলা আছে অন্যদেশের কেউ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে একটি জায়গায় জিতেছি। আশা করছি শিগগিরই তাকে ফিরিয়ে আনা যাবে।

এ সময় ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন না করে বঙ্গবন্ধুর খুনিদের ধরার বিষয়ে সহযোগিতা করলে কাজটা এত কঠিন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা প্রমুখ।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD