সৌদি গ্র্যান্ড মুফতির ইন্তেকালে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, শেখ আবদুল আজিজ আল শেখ মুসলিম উম্মাহর জন্য ছিলেন এক পথপ্রদর্শক আলেম। ইসলামের সেবায় তার আজীবন নিষ্ঠা ও অমূল্য অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
বিশ্বব্যাপী স্বীকৃত এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া প্রদানকারী প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলেরও প্রধান ছিলেন।
বিজ্ঞাপন
শেখ আবদুল আজিজ আল শেখ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা গ্রহণ শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
সৌদি রাজধানী রিয়াদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।







