টঙ্গী অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার সার্ভিস কর্মকর্তার জানাজা সম্পন্ন

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. খন্দকার জান্নাতুল নাঈমকে অশ্রুসিক্ত বিদায় জানালেন সহকর্মী ও স্বজনরা।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়
জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
বিজ্ঞাপন
জানাজার আগে শহিদ জান্নাতুল নাঈমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরবর্তী সময়ে প্রয়াত মো.খন্দকার জান্নাতুল নাঈমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। শহিদের শ্বশুর আবেগঘন কণ্ঠে বক্তব্যে সবার কাছে সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
দোয়া ও জানাজা শেষে সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শেষ বিদায় জানান এই বীর অগ্নিসেনাকে। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা গ্রামে। সেখানেই মায়ের মাটিতে চিরনিদ্রায় শায়িত হবেন শহিদ খন্দকার জান্নাতুল নাঈম।
বিজ্ঞাপন








