Logo

খাগড়াছড়ির অস্থিরতায় ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৯
খাগড়াছড়ির অস্থিরতায় ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনেই খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। ভারতসহ ফ্যাসিস্ট গোষ্ঠীর ইন্ধনে এ ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়িতে অবস্থান করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কিছু সশস্ত্র সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে পাচার হয়ে আসে। এ সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।”

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, পাহাড়ে আটকে পড়া অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। কেউ যেন কোনো বিশৃঙ্খলা না করে, রাস্তা অবরোধ না করে এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়। সেজন্য সবাইকে সহায়তা করতে হবে।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD