Logo

রোহিঙ্গারা পাচ্ছে আরও ৯৬ মিলিয়ন ডলারের সহায়তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১২:২৯
রোহিঙ্গারা পাচ্ছে আরও ৯৬ মিলিয়ন ডলারের সহায়তা
ফাইল ছবি

রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন করে সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশ একসঙ্গে আরও ৯৬ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের অনুদান দেওয়ার প্রতিশ্রুতি জানায়।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল শিকড় মিয়ানমারে এবং সমাধানও সেখানেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যায়।

তিনি আরও বলেন, গণহত্যার আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা অবসান হয়নি। বরং সংকট সমাধানে কার্যকর উদ্যোগের অভাব এবং আন্তর্জাতিক তহবিলে উদ্বেগজনক ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD