Logo

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৪:১২
নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। তবে শেষ দেড় বছরের চেষ্টায় তা উন্নতির দিকে এসেছে।

একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্যের জবাবে তিনি জানান, দেশের বর্তমান অপরাধ পরিস্থিতি নিয়ে কেউ যে প্রশ্ন তুলেছে, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

তিনি বলেন, এটা একজন বিশ্লেষকের বক্তব্য। তবে কীভাবে সে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে যোগ্য হয়েছে, তা আমার জানা নেই।

বিজ্ঞাপন

ভূমিকম্প সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, অন্য কোনো দেশে কি আগাম সতর্কতা ব্যবস্থা আছে, আমি জানি না। আমাদের দেশে তা নেই। তবে অনেক দেশে এমন একটি অ্যাপ আছে যা ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে পারে। আমরা এ বিষয়ে ভাবছি। ছোট ভূমিকম্পের পরে আরেকটি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, তা নিয়ে আমরা বিশেষজ্ঞ নই; পরে আবহাওয়াবিদদের সঙ্গে আলোচনা করব।

উপদেষ্টা সবাইকে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণের গুরুত্বও মনে করিয়ে দেন। তিনি বলেন, জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হলে ঝুঁকি বেশি থাকে। ভূমিকম্পের সময় মানুষ নিরাপদে দাঁড়ানোর জন্য মাঠের অভাব দেখা দিতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে।

বিজ্ঞাপন

মধ্যরাতে একজন সাংবাদিককে ডিবি’র হাতে তুলে দেওয়ার ঘটনাকে ঘিরে প্রশ্নে তিনি বলেন, সাংবাদিক হিসেবে নয়, এটি অন্য ধরনের কাজ ছিল। এ বিষয়ে মিডিয়ার মধ্যেও আলোচনা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD