Logo

ভোটের মাঠে ৫১ দল: সবচেয়ে বেশি প্রার্থী বিএনপির, ২য় জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২৪:২৩
ভোটের মাঠে ৫১ দল: সবচেয়ে বেশি প্রার্থী বিএনপির, ২য় জামায়াত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রতিযোগিতা আরও তীব্র হতে যাচ্ছে। মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ৩০০ আসনের জন্য মোট ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি সবচেয়ে বেশি ৩৩১ জন প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী ২৭৬ জন প্রার্থী দিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ জন প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে রয়েছে। জাতীয় পার্টি (জাপা) ২২৪ জন প্রার্থী দিয়েছে। গণঅধিকার পরিষদ ১০৪ জন, এনসিপি ৪৪ জন প্রার্থী ঘোষণা করেছে।

স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা ৪৭৮। এছাড়া অন্যান্য দল যেমন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ২৪ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, কমিউনিস্ট পার্টি ৬৫ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪ জন প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনে অংশ নিচ্ছে আরও অসংখ্য ছোট দল।

বিজ্ঞাপন

বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না। সেই সঙ্গে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ভোটে অংশ নিচ্ছে না।

নির্বাচন কমিশনের ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির সর্বোচ্চ প্রার্থী সংখ্যা ভোটের মাঠে দলটির প্রভাবকে আরও দৃঢ় করবে। জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশও যথেষ্ট বড় দল হিসেবে ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি দলের প্রার্থী সংখ্যা ও শক্তি ভোটের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD