খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি জানাজার স্থলে পৌঁছান। তাঁর সঙ্গে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংসদ প্রাঙ্গণে জায়গা না পেয়ে আশপাশের সড়কে হাজারো মানুষ
এছাড়া জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী, বিমানবাহিনী প্রধানসহ অন্যান্য বাহিনীর প্রধানরাও মানিক মিয়া অ্যাভিনিউতে হাজির ছিলেন।
বেলা ১১টা ৪৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ফ্রিজার ভ্যানটি ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে।
আরও পড়ুন: জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠছে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতি
সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ সকাল ৮টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। শুরুতে দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজায়’ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান বাসায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্যরা এবং বিএনপির নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান।
মানিক মিয়া অ্যাভিনিউসহ জাতীয় সংসদ প্রাঙ্গণ জুড়ে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সমবেত হয়। জানাজা শেষে মরদেহ চিরনিদ্রায় শায়িত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।








