Logo

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৮:৪৫
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের আটটি বিভাগীয় শহরে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে। এছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন (র‌্যান্ডম) পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।

দৈবচয়ন পদ্ধতির কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে। তাই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পরে কেউ হলে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য কমিশনের প্রদত্ত সব নির্দেশনা যথাযথভাবে পালন করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD