Logo

ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’ বিষয়ে যা জানালো ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ২০:২৪
ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’ বিষয়ে যা জানালো ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার ছাপানোর সময় সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।

ব্যালটের ভাঁজে প্রতীকটি ঢাকা পড়ার বিষয়ে সচিব বলেন, এটি একটি ভুল, তবে আমি এখনই বিস্তারিত বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে পুরো তথ্য জানা প্রয়োজন। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রম অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, যাতে ভাঁজ করলে তা সহজে চোখে না পড়ে। দলের পক্ষ থেকে এখনও প্রেরণ করা হয়নি এমন ব্যালট সংশোধনের দাবি জানানো হয়েছে।

ব্যালট পুনঃমুদ্রণ হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। কমিশন সভায় আলোচনা হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া বাহরাইনে প্রেরিত ১৬০টি পোস্টাল ব্যালট একত্রে থাকা ও তা নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গেও সচিব মন্তব্য করেন। তিনি বলেন, প্রবাসীদের কাছে ব্যালট ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হচ্ছে। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল। প্রবাসীরা ব্যালট হাতে পেয়ে আনন্দিত হয়ে ভিডিও করেছে, তবে ভিডিওটি করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD