Logo

দায়িত্বশীল ও যাচাইভিত্তিক সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৩
দায়িত্বশীল ও যাচাইভিত্তিক সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ও যাচাইভিত্তিক সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১৮ মাসে দেশের গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। এরপরও মৌলিক সাংবাদিকতার অন্যতম শর্ত যাচাই-বাছাইয়ে বারবার ব্যর্থতার নজির দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।

প্রেস সচিব জানান, শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা এবং হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এ সময় আরও বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে তাকে ‘গুলিবিদ্ধ’ বলে দাবি করা হয়। ‘গুলিবিদ্ধ’ শব্দটি সাধারণত সরাসরি গুলিতে আহত হওয়ার অর্থ বহন করে। ওই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, যাচাই ছাড়াই টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রসহ অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যম ওই ফেসবুক পোস্টকে সত্য ধরে নিয়ে শিরোনাম ও ফটোকার্ডে গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করে, যার ফলে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রেস সচিব জানান, সরকার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করে যে, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি। অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুলিশ বর্তমানে প্রাণঘাতী অস্ত্র বহন করছে না। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও জানান, জাবেরসহ কোনো আন্দোলনকারী গুলিবিদ্ধ হননি।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশ একটি গুরুদায়িত্ব। একটি ভুল সংবাদ সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গার জন্ম দিতে পারে এবং জনজীবনে অরাজকতা সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় অনেক গণমাধ্যম শুধু ক্লিকবেইটের ফাঁদে পড়েনি, বরং তা আরও উসকে দিয়েছে।

তিনি বলেন, শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার, ডিএমপি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পষ্ট বক্তব্য পরিস্থিতি শান্ত করতে সহায়ক ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

এর আগে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার পর সৃষ্ট সহিংস পরিস্থিতির উদাহরণ তুলে ধরে প্রেস সচিব বলেন, সে সময়ও ভুল ও অতিরঞ্জিত সংবাদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ওই ঘটনায় একদল উত্তেজিত জনতা স্কুলে উপদেষ্টা ও কর্মকর্তাদের দীর্ঘ সময় আটকে রাখে এবং অন্য একটি দল সচিবালয়ে ভাঙচুর চালায়। তার মতে, সাম্প্রতিক ঘটনাতেও দায়িত্বহীন ক্লিকবেইট সাংবাদিকতা প্রায় একই ধরনের সংকট তৈরি করতে যাচ্ছিল।

সাংবাদিকতার দায়িত্ববোধের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার, রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতা নিয়ে সাংবাদিকরা প্রায়ই কথা বলেন। কিন্তু নিজেদের দায়িত্ব পালনের প্রশ্নে অনেক সময় সেই আত্মসমালোচনা অনুপস্থিত থাকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD