Logo

ঢাকায় ঝুঁকিপূর্ণ ৩৭ ভোটকেন্দ্র: ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১০
ঢাকায় ঝুঁকিপূর্ণ ৩৭ ভোটকেন্দ্র: ডিএমপি
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে নগরীর মোট ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

কমিশনার বলেন, চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী, ঢাকা মহানগর এলাকায় গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং প্রতিটি কেন্দ্রে বডি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানান তিনি।

নির্বাচন ঘিরে ডিএমপির সামগ্রিক প্রস্তুতির কথা তুলে ধরে কমিশনার আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD