রামপুরার ৪ কেন্দ্রে প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৩ শতাংশ

রাজধানীর রামপুরা এলাকার চারটি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় গড়ে ২৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে দুটি কেন্দ্র পুরুষ ভোটারদের জন্য এবং দুটি কেন্দ্র নারী ভোটারদের জন্য নির্ধারিত। পুরুষ ভোটারদের উপস্থিতি নারীদের তুলনায় বেশি ছিল।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৮,১৭০ জন। সকাল থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ১,৯০৯ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ২৩.৪ শতাংশ।
সালামবাগ জামে মসজিদ কেন্দ্র: চারটি বুথে মোট ভোটার ১,৯৬২ জন। প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৪৬৭টি, যা ২৩.৮ শতাংশ। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাবিবুননবী জানিয়েছেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
দিদার আদর্শ কিন্ডারগার্টেন স্কুল: চারটি বুথে ১,৯৮১ ভোটারের মধ্যে ৫৮৩ জন ভোট দিয়েছেন, যা ২৯.৪ শতাংশ। প্রিজাইডিং কর্মকর্তা মো. তৌফিক মাহমুদ জানান, ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
গ্রীন গার্ডেন ল্যাবরেটরিজ স্কুল: চারটি বুথে ১,৭৬০ ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোট দিয়েছেন, ভোটের হার ২১.৮ শতাংশ। প্রিজাইডিং কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সকালবেলা নারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল, তবে পরে বাড়ছে।
পূর্ব রামপুরা হাই স্কুল: পাঁচটি বুথে ২,৪৬৭ ভোটারের মধ্যে ৪৭৫ ভোট পড়েছে, যা ১৯.৩ শতাংশ। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, সকাল ৯টার পর থেকে নারীদের উপস্থিতি বাড়ছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন চলছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করছেন।








