শপথের পরদিনই ব্যস্ত সূচি নিয়ে মাঠে নামছেন ১১তম প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর নতুন সরকারের নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। খোলা আকাশের নিচে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পরদিনই ব্যস্ত কর্মসূচি নিয়ে মাঠে নামছেন নতুন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় তিনি রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
দুপুরের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার বৈঠক। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক। সেখানে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা, প্রশাসনিক দিকনির্দেশনা এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নতুন সরকারের প্রথম কর্মদিবসে শ্রদ্ধা, রাজনৈতিক ঐতিহ্যের প্রতি সম্মান এবং প্রশাসনিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দায়িত্বপালনের যাত্রা শুরু হচ্ছে।








