Logo

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার, গেজেট জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০০
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার, গেজেট জারি
ছবি: সংগৃহীত

দেশের চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশের মাধ্যমে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। গেজেটটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদনও প্রদান করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বিদ্যমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে। অর্থাৎ এই ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামোর সমাপ্তি ঘটল এবং পূর্ণাঙ্গ রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হলো।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নিয়োগ দিয়ে পৃথক আরেকটি গেজেটও জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পাওয়ার পর সাংবিধানিক বিধান অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ এবং মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

গেজেট প্রকাশের মাধ্যমে প্রশাসনিকভাবে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো। এখন নতুন মন্ত্রিসভার অধীনে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

গেজেট দেখতে ক্লিক করুন এখানেএখানে

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD