Logo

শপথের একদিন পরই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৫
শপথের একদিন পরই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করতেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আসেন তিনি।

বিজ্ঞাপন

দুপুর ১২টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রীর বহর সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এদিন সচিবালয় এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ১ নম্বর ভবনের সামনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। নিরাপত্তার স্বার্থে ভবনসংলগ্ন এলাকা যানবাহনমুক্ত রাখা হয় এবং প্রবেশে আরোপ করা হয় কঠোর নিয়ন্ত্রণ।

এদিকে সচিবালয়ের বিভিন্ন ভবনে নতুন মন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে। ১ নম্বর ভবনটি নতুনভাবে সাজানো হয়েছে এবং ভবনের নিচতলায় ফুলগাছ দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এ ভবনেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্ধারিত সূচি অনুযায়ী, সচিবালয়ে পৌঁছে তিনি প্রথমে মধ্যাহ্নভোজ সারেন এবং নামাজ আদায় করেন। বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন তিনি। নতুন সরকারের অগ্রাধিকার, প্রশাসনিক কার্যক্রমের দিকনির্দেশনা এবং নীতিনির্ধারণী বিষয়গুলো এ বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD