স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাতের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসের সূচনায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে সরকারপ্রধান হিসেবে এককভাবে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের একটি চারা রোপণ করেন তিনি। গাছ রোপণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা লালন এবং পরিবেশ সংরক্ষণের প্রতীকী বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, একাত্তরের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দল-মতের ঊর্ধ্বে থেকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সরকার কাজ করবে। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তার প্রথম অফিসিয়াল কার্যক্রম শুরুর কথা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ৪৯ জন শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার।








