Logo

দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী এ্যানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৬
দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী এ্যানি
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে চান এবং এ জন্য সবার সমর্থন প্রয়োজন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিনই নতুন সরকারের মন্ত্রীদের প্রথম অফিস কার্যক্রম শুরু হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় দায়িত্ব। দীর্ঘ সময়ের অপেক্ষা, ত্যাগ-তিতিক্ষা, নির্যাতন ও নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। দল-মত নির্বিশেষে যেন আমরা সবার জন্য কাজ করতে পারি— সে জন্য সবার কাছে দোয়া চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের এদিনই প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। কর্মসূচির অংশ হিসেবে সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা, বিভিন্ন মন্ত্রণালয়ের তাৎক্ষণিক করণীয় এবং প্রশাসনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD