Logo

ছাত্রনেতা থেকে মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩০
ছাত্রনেতা থেকে মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া এই নেতা নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোটে জয়ী হন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে। এই বিজয় ১৮ বছর পর বরিশাল-১ আসন বিএনপির কাছে ফিরিয়ে এনেছে। স্থানীয়রা মনে করেন, এটি বরিশাল অঞ্চলে বিএনপির পুনরুত্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

শপথ গ্রহণের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্বপন বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন

জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবন শুরু ছাত্ররাজনীতি দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ’৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেন। বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সহকারী দপ্তর সম্পাদক হিসেবেও সফল ভূমিকা রাখার পর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পান।

সংসদীয় রাজনীতিতেও জহির উদ্দিন স্বপনের অভিজ্ঞতা দীর্ঘ। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে বরিশাল-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে আবারও জয়ী হন। জাতীয় সংসদে থাকাকালীন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পর্যায়েও সক্রিয়। দুবার তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও নিরাপত্তা সংক্রান্ত বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নির্দলীয় নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’-এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক যুব ও ছাত্র সংগঠনের সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেও দেশের কূটনৈতিক উপস্থিতি জোরদার করেছেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন স্বপন। রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বরিশাল-১ আসন থেকে নির্বাচিত আরেক নতুন প্রতিমন্ত্রী রাজীব আহসানও শপথ গ্রহণ করেছেন। তিনি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে প্রথমবার বিজয়ী হয়েছেন এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জহির উদ্দিন স্বপনের মন্ত্রিত্ব বরিশাল অঞ্চলের উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে নতুন দিকনির্দেশনা নিশ্চিত করবে। অভিজ্ঞ এই নেতা শিক্ষাগত ও রাজনৈতিক দক্ষতার সমন্বয়ে সরকারের তথ্য ও সম্প্রচার নীতিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD