১৮০ দিনের রোডম্যাপ আনছে সরকার

সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরতে শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ রোডম্যাপ উপস্থাপন করবেন।
বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, জনগণের প্রত্যাশা পূরণে সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া এখনই শুরু হবে। দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে। ‘ক্লিন সরকার’ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় আলোচনায় এসেছে এবং খুব শিগগিরই একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হবে।
বিজ্ঞাপন
রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।








