Logo

চকবাজার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮
চকবাজার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর আজ
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ ২০ ফেব্রুয়ারি। ২০১৯ সালের এই দিনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন। বিভীষিকাময় সেই রাতের স্মৃতি এখনও স্বজনহারা পরিবারগুলোর জীবনে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। শোকের সঙ্গে তাদের অপেক্ষা দীর্ঘ হয়েছে বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচারকাজ শেষ হয়নি। জানা গেছে, গত সাত মাসে এই মামলায় কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দেননি, ফলে বিচার প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে আছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আসিফ জানান, তার বাবা জুম্মন ওয়াহেদ ওই রাতে ওয়াহেদ ম্যানসনের একটি ডেকোরেটর দোকানে আগুনে পুড়ে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ঘটনার পরদিন ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি চকবাজার থানা-এ মামলা দায়ের করেন আসিফ। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, একটি রাসায়নিক গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা বর্তমানে জামিনে আছেন।

বিজ্ঞাপন

মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়ে আসছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD