Logo

সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাষ্ট্রদূত মুশফিকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮
সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাষ্ট্রদূত মুশফিকের
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি অভিযোগ করেছেন, জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আবেদন করার ক্ষেত্রে তিনি নিজ সরকারের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। এ নিয়ে তিনি সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিক ফজল আনসারি এই দাবি করেন।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার পর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তাকে ‘অগ্রসর না হতে’ (not to proceed) নির্দেশ দেন। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সমর্থন বা ‘নোট ভারবাল’ না পাওয়ায় শেষ পর্যন্ত তার আবেদন প্রক্রিয়া আর এগোয়নি।

বিজ্ঞাপন

মুশফিক ফজল আনসারি জানান, লাটভিয়ার ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হলে জাতিসংঘের এক বিদেশি সহকর্মী তাকে আবেদনের বিষয়ে উৎসাহ দেন। বিষয়টি তিনি সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে তাঁর পরামর্শেই তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।

রাষ্ট্রদূতের দাবি, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুরুতে আবেদন করতে মৌখিক সম্মতি দিলেও আবেদন জমা দেওয়ার পর বার্তা পাঠিয়ে তাঁকে ‘অগ্রসর না হতে’ নির্দেশ দেন। জবাবে আবেদন জমা হয়ে গেছে জানালে এরপর থেকে তৌহিদ হোসেন তার ফোন ধরা বন্ধ করে দেন।

ফেসবুক পোস্টে মুশফিক ফজল আনসারি বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন কাজ করার পরও ন্যূনতম সমর্থন না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন। এ ধরনের পদে সদস্যরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা ছিল, তবে তিনি নিজ দেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, বিষয়টি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করলে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে প্রধানমন্ত্রীকে বিব্রত করতে না চাওয়ায় তিনি সরাসরি হস্তক্ষেপ চাননি।

রাষ্ট্রদূত জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে জানতে চাইলে তাকে বলা হয়েছিল– মুশফিক ফজল আনসারির নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, তাই সমর্থন দেওয়া হয়নি। যদিও এ পদে কোনো ভোটাভুটি হয় না, সদস্যরাষ্ট্র মনোনয়ন দিলে জাতিসংঘ সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) করে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে বিদেশে পোস্টিং, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তবে দায়িত্ব ও কর্তব্যবোধের কারণে আপাতত সব তথ্য প্রকাশ করছেন না জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে একটি বই লেখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD