Logo

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৩
থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এটি চালু করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

মন্ত্রী আফরোজা খানম জানান, থার্ড টার্মিনাল চালু নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমা এই মুহূর্তে জানানো সম্ভব নয়। বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, প্রয়োজন হলে তদন্তও করা হবে। কীভাবে দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালু করা যায়, সে বিষয়ে কাজ এগোচ্ছে।

বিজ্ঞাপন

থার্ড টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে বলে পূর্বে জানানো হলেও এখনো এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি—এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে প্রশ্ন তোলা যেত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও জানান, টার্মিনাল চালুর আগে কিছু সুপারিশ বাস্তবায়ন, নির্দিষ্ট অংশে কাঠামোগত সমন্বয় এবং নেটওয়ার্ক-সংক্রান্ত সমস্যার সমাধান প্রয়োজন ছিল। এসব বিষয় সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের এই আধুনিক টার্মিনাল চালু হলে যাত্রীসেবা ও পরিচালন সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। তবে কবে নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন হবে—সে বিষয়ে এখনই চূড়ান্ত কোনো তারিখ জানানো হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD