Logo

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮
ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পুরোপুরি বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্ড দেওয়ার নামে কোথাও অর্থ দাবি করার সুযোগ নেই। কেউ প্রতারণার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হচ্ছে। ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরাঞ্চলে সিটি করপোরেশনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা দায়িত্বে রয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন।

ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে। একটি পরিবারকে আর্থিকভাবে সক্ষম করে তোলার লক্ষ্যেই ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একটি মহল এ কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মন্ত্রী জানান, কিছু এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি যেসব এলাকায় কর্মসূচি এখনও শুরু হয়নি, সেখানেও টাকা চাওয়ার তথ্য মিলেছে। তিনি স্পষ্ট করেন, ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নির্ধারিত প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে বিনামূল্যে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কার্ড পেতে কোনো তদবির, সুপারিশ বা প্রতিযোগিতার প্রয়োজন নেই। ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়ন করা হবে—প্রথমে একটি ওয়ার্ড, পরে একাধিক ওয়ার্ড, উপজেলা এবং শেষ পর্যন্ত সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

মন্ত্রী জানান, এ কর্মসূচির মাধ্যমে একটি সমন্বিত তথ্য সংগ্রহ ব্যবস্থা গড়ে তোলা হবে। শুরুতে মাঠপর্যায়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে, পরে তা সফটওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থায় সংযুক্ত করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অন্তর্ভুক্তি বা বর্জনের সুযোগ থাকবে না। সম্ভাব্য ত্রুটি শূন্যের কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ। তবে কিছু মহল এ উদ্যোগে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে দেশবাসী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

ডা. জাহিদ আরও জানান, ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত উপকারভোগী মায়ের মোবাইল নম্বরে পাঠানো হবে। উপকারভোগী চাইলে বিকাশ বা অন্য বৈধ মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন। অর্থ বিতরণে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই এবং সরকারি কর্মকর্তারা নিয়মিত তদারকি করবেন।

বিজ্ঞাপন

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ডের নামে কেউ আর্থিক সুবিধা দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। এ ধরনের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বা সংবাদমাধ্যমকে জানানোর অনুরোধ জানান তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD