Logo

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পরিবহন খাতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—ঈদে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার চায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হোক। যেসব স্থানে যানজট বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় আগে থেকেই নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে সক্রিয় থাকবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শীতলক্ষ্যা নদী দূষণের বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও করণীয়গুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD