Logo

এক মাসে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১৭:১৩
এক মাসে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে প্রায় ১৩১ কোটি ১৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারি মাসজুড়ে বিজিবির বিভিন্ন অভিযানে মোট ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ১৬৯ দশমিক ৭২ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিকস সামগ্রী এবং ২ হাজার ৪৬৪টি ইমিটেশন গহনা। এছাড়া ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা ও ৫৫ হাজার ২৬০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৯৫টি মোবাইল ফোন, ৪ হাজার ৯২৮টি মোবাইল ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন এবং ৯৪ হাজার ২২৭টি চকলেট।

অভিযানে ৬৩৮টি গরু ও মহিষ জব্দের পাশাপাশি ৮টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ২৯টি সিএনজি বা ইজিবাইক এবং ৩৪টি মোটরসাইকেলও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির অভিযানে ১৩টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গুলি, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর এবং ৩ কেজি গানপাউডারসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার এবং ৯৩৭ কেজির বেশি গাঁজা।

মাদক পাচার ও চোরাচালানের অভিযোগে অভিযানে ১৪১ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD