Logo

পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে পাল্টালো চূড়ান্ত ফল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ২১:২৭
পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে পাল্টালো চূড়ান্ত ফল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক জয়ের ছাপ রেখেছে। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত বিশ্লেষণে দেখা গেছে, মোট পোস্টাল ভোটের ৪৫.৮৮ শতাংশ পেয়ে জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে (৩০.২৮%) পিছনে ফেলেছে। এমনকি সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনে পোস্টাল ভোটের ফলে চূড়ান্ত ফলও পাল্টে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) ইসি আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটে অংশ নিয়েছেন।

ইসির তথ্যানুযায়ী, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। মোট ভোট প্রদানের হার ৬৯.৯৯ শতাংশ। বাতিল হয়েছে ৫৭ হাজার ৮৯৮টি ভোট।

বিজ্ঞাপন

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াত একাই পেয়েছে ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট (৪৫.৮৮%), বিএনপি পেয়েছে ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট (৩০.২৮%), এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৫২ হাজার ৮৪০ ভোট (৪.৯৬%)।

পোস্টাল ভোটের প্রভাব বিশেষভাবে পড়েছে সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনে। সিরাজগঞ্জ-৪ আসনে সাধারণ ভোটে বিএনপির এম আকবর আলী এগিয়ে থাকলেও পোস্টাল ভোটে জামায়াতের রফিকুল ইসলাম খান ২ হাজার ১৭৯ ভোট নিয়ে ৫৯৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। মাদারীপুর-১ আসনেও বিএনপির নাদিরা আক্তার সাধারণ ভোটে এগিয়ে ছিলেন, কিন্তু পোস্টাল ব্যালটে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা ১ হাজার ৩৯৮ ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ঢাকা-১৭ আসনে জামায়াতের স. ম. খালিদুজ্জামান ২ হাজার ৩২৮ ভোট পেয়েছেন, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১ হাজার ২৫৬ ভোট পেয়েছেন। ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২ হাজার ৭৯০ ভোট পেয়ে বিএনপির শফিকুল ইসলাম খানের (১,৯২০) চেয়ে এগিয়ে আছেন। বগুড়া-৬ আসনে তারেক রহমান ১ হাজার ৫৪৫ ভোট পেয়েছেন, যা জামায়াত প্রার্থীর (১,০৬২) চেয়ে বেশি।

বিজ্ঞাপন

পোস্টাল ভোটের রেকর্ড সংখ্যক ভোট পড়েছে রংপুর-২ আসনে (৮৭.০৮%)। অন্যদিকে, পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-২ ও ৩, এবং চট্টগ্রাম-১ আসনে কোনো পোস্টাল ভোট পড়েনি। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল ফেনী-৩ আসনে (১৬,০৩৮ জন), যেখানে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন ৭ হাজার ৩৩৯ ভোট পেয়ে আধিপত্য বিস্তার করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, পোস্টাল ভোট প্রথা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে প্রবাসী ভোটার এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোট গণনায় জামায়াতের জয় দুই আসনে চূড়ান্ত ফলাফল পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD