শিক্ষকদের বদলির সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন হতে পারে কাল

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরি করা সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন আগামীকাল (১৬ মার্চ) হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় রবিবার (১৫ মার্চ) সফটওয়্যারের ডেমো প্রদর্শনীর জন্য একটি বিশেষ সভা ডেকেছে।
বিজ্ঞাপন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং টেলিটক যৌথভাবে বদলি সফটওয়্যারটি তৈরি করেছে। এর ট্রায়াল ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ফলাফলে সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেছে। আগামীকাল চূড়ান্ত অনুমোদনের জন্য সফটওয়্যারটি প্রদর্শন করা হবে। সবকিছু ঠিক থাকলে আজই বা আগামীকাল অনুমোদন দেওয়া সম্ভব।
বিজ্ঞাপন
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য বদলির কোনো স্বতন্ত্র ব্যবস্থা ছিল না। শিক্ষকরা শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি সুবিধা থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় এই সুযোগ বন্ধ করে দেয়।
শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় পরবর্তীতে বদলি চালুর উদ্যোগ নেয় এবং একটি সংশোধিত নীতিমালা প্রণয়ন করে। তবে শিক্ষকদের একাংশের রিট, সফটওয়্যার তৈরির বিলম্ব এবং নীতিমালার সংশোধনের কারণে বদলি কার্যক্রম শুরু হতে পারেনি।
বিজ্ঞাপন
এবারের ডেমো প্রদর্শনীর পর সফটওয়্যার চূড়ান্ত অনুমোদন পেলে, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম কার্যকর হতে পারে।








