ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধার ও যাত্রীসেবায় জোর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনার পর বগুড়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো, যাত্রীদের দুর্ভোগ হ্রাস এবং দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্ঘটনার পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম এবং আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন। একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনটি দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে সব ধরনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঈদকে সামনে রেখে যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি বগুড়ার আলমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন বলে জানা গেছে।








