Logo

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নীরব রূপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১২:১১
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নীরব রূপ
ছবি: সংগৃহীত

চিরচেনা যানজট, হর্নের শব্দ আর মানুষের ভিড়—সবকিছুই যেন উধাও। রাজধানীর মোড়ে মোড়ে নেই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী, নেই ফুটপাতে কর্মব্যস্ত মানুষের ছুটোছুটি। ঈদের টানে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় ঢাকা এখন একেবারেই নীরব শহরে পরিণত হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে বিরাজ করছে অস্বাভাবিক শান্ত পরিবেশ।

বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। বেসরকারি খাতের অনেক কর্মজীবীর ছুটি আরও কয়েকদিন চলবে। ফলে ঢাকার সড়ক, বাজার ও বাণিজ্যিক এলাকা প্রায় জনশূন্য। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ। যেগুলো খোলা রয়েছে, সেগুলোতেও ক্রেতার উপস্থিতি খুবই কম। কাঁচাবাজারে বিক্রেতারা নতুন করে পণ্য তুলছেন না, কারণ ক্রেতার অভাবে বেচাকেনা নেই। ধারণা করা হচ্ছে, আরও কয়েক দিন এ ফাঁকা চিত্রই বজায় থাকবে।

সড়কে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে, তাও অল্প যাত্রী নিয়ে। মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা, কিন্তু যাত্রী না থাকায় চালকরা অলস সময় পার করছেন। রাইড শেয়ারিং মোটরসাইকেলের উপস্থিতিও এখন খুবই কম।

বিজ্ঞাপন

সাভার থেকে গাবতলী, মহাখালী হয়ে নতুন বাজার রুটে চলাচল করা রইছ পরিবহনের চালক ইউসুফ আলী বলেন, “ঢাকায় এখন মানুষ নেই বললেই চলে। যাত্রী পাওয়া যাচ্ছে না, তেলের খরচও উঠছে না। এমন ফাঁকা ঢাকা আগে দেখিনি।”

ফার্মগেট এলাকায় সিএনজি চালক হাবিবুর রহমান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র একটি ট্রিপ পেয়েছেন তিনি। তার মতে, দীর্ঘ ঈদের ছুটির কারণে মানুষ এখন ঢাকার বাইরে বেশি সময় থাকছে, ফলে শহর দীর্ঘ সময় ধরে ফাঁকা থাকে।

বাড্ডার মুদি দোকানি জাহিদুল ইসলাম বলেন, “দোকান খুলে বসে আছি, কিন্তু ক্রেতা নেই। কয়েকটি দোকান ছাড়া পুরো এলাকা ফাঁকা। মানুষ না ফিরলে স্বাভাবিক জীবন ফিরবে না।”

বিজ্ঞাপন

রিকশাচালক খোরশেদ মিয়া জানান, সকালে বের হয়ে দুপুর পর্যন্ত মাত্র কয়েকজন যাত্রী পেয়েছেন তিনি।

মহাখালী ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা আবদুল্লাহ আল মামুন বলেন, “সড়কে যানবাহন একেবারেই কম। কোনো যানজট নেই। মানুষ ফিরতে শুরু করলে আবার রাজধানী স্বাভাবিক ব্যস্ততায় ফিরবে।”

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটির এই নীরবতা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD