Logo

ঈদের ২য় দিনেও ঘরমুখো মানুষের ঢল, ২০ মিনিটেই শেষ বাসের টিকিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১২:৫৫
ঈদের ২য় দিনেও ঘরমুখো মানুষের ঢল, ২০ মিনিটেই শেষ বাসের টিকিট
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের টানে ঢাকার গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাসের টিকিট।

বিজ্ঞাপন

রবিবার (২২ মার্চ) সকালে সরেজমিনে টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে যাত্রীর চাপ আরও বেড়েছে। অনেকেই কর্মস্থল থেকে দেরিতে ছুটি পাওয়ায় এখন বাড়ির পথে রওনা হচ্ছেন। ফলে টার্মিনালের প্রতিটি কাউন্টারেই সকাল থেকে ছিল ব্যস্ততা।

বিজ্ঞাপন

রংপুরের পীরগঞ্জগামী এক যাত্রী রবিউল ইসলাম জানান, স্ত্রীকে নিয়ে সকালে এসে সহজেই টিকিট পেয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়েছে।

অন্যদিকে, একটি পরিবহন প্রতিষ্ঠানের কাউন্টারকর্মী আবু কায়েস শান্ত বলেন, যাত্রীচাপ এতটাই বেশি যে একটি বাস ছেড়ে যাওয়ার ২০ মিনিটের মধ্যেই পরবর্তী বাসের সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বিশেষ করে যশোর, মাগুরা ও সাতক্ষীরা হয়ে খুলনাগামী যাত্রীদের সংখ্যা বেশি।

বিজ্ঞাপন

এদিকে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টার্মিনালজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবুও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD