বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়ানো হয়নি

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের বহু দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে এখনো তা বৃদ্ধি করা হয়নি। রোববার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর চাপ ধীরে ধীরে অর্থনীতির ওপর বাড়বে এবং সেই চাপ শেষ পর্যন্ত জনগণের ওপরও পড়বে—যেমনটা বিশ্বজুড়েই হচ্ছে। এই পরিস্থিতিতে সংযমের মাধ্যমে মোকাবিলা করার ওপর গুরুত্ব দেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, যুদ্ধ কোনো দেশের নিয়ন্ত্রণে নয় এবং এটি বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মধ্যে বাংলাদেশ এমন সময়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, যখন অর্থনীতি নিম্নমুখী অবস্থায় ছিল।
বিজ্ঞাপন
তার ভাষায়, সরকার এখন পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ সময় জ্বালানি তেলের দাম না বাড়ানোকে তিনি একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু আমরা এখনো বাড়াইনি। ঈদের সময় পরিবহন খাতে জ্বালানি সংকট হয়নি, পরিবহন ব্যবস্থা সচল ছিল।”
অর্থমন্ত্রী আরও বলেন, সার্বিক ব্যবস্থাপনার কারণে এখনো জনগণের ওপর অতিরিক্ত চাপ পড়েনি। তবে বর্তমান পরিস্থিতিকে তিনি কঠিন সময় হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, একদিকে দুর্বল অর্থনীতি এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ—এই দুই কারণে অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। যুদ্ধ চলতে থাকলে সেই চাপ আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।








