ক্ষমতা মানেই দায়িত্ব পালন করা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা মানেই দায়িত্ব পালন করা। দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রয়োজন হলেও দায়িত্বহীন কোনো ক্ষমতার অস্তিত্ব নেই।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেমন একজন পাহারাদারকে দায়িত্ব দেওয়া হয় চোর-ডাকাত ঠেকানোর জন্য, কিন্তু সেই ক্ষমতা তাকে বাড়ির মালিক বানায় না। মালিক আলাদা, আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলাদা—এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যখন কেউ পদ্ধতিগতভাবে জনগণের ক্ষমতা দখলে রাখতে চায়, তখনই গণঅভ্যুত্থান ও বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ক্ষমতাসীনদের সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবেই স্বৈরাচারী মানসিকতায় না জড়িয়ে পড়েন।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, ক্ষমতায় থাকা মানে জনগণের প্রতিনিধিত্ব করা। তাই আচরণ ও বক্তব্যে অহংকারের কোনো জায়গা থাকা উচিত নয়। নেতাদের সবসময় সচেতন থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








