ঈদের দ্বিতীয় দিনে জিয়া উদ্যানে মানুষের উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজা এবং জিয়া উদ্যানে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর সেখানে মানুষের উপস্থিতি কয়েকগুণ বৃদ্ধি পেয়ে লক্ষাধিক ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২২ মার্চ) সকাল থেকেই পরিবার-পরিজন, বন্ধু ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে রাজধানীর ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্তি খুঁজে নিতে এসব এলাকায় ভিড় করেন মানুষ। অনেকেই সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান করেন, আবার কেউ দুপুরের খাবারের পর ঘুরতে এসে যোগ দেন ভিড়ের সঙ্গে। ফলে দুপুর ৩টার দিকে পুরো এলাকা দর্শনার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
সরেজমিনে দেখা যায়, খোলা সবুজ মাঠে কেউ বসে গল্প করছেন, কেউ ছবি তুলছেন, আবার অনেকে বিভিন্ন খাবার উপভোগ করছেন। সবুজে ঘেরা জিয়া উদ্যানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে দেখা যায় নানা বয়সী মানুষকে। প্রিয়জনের সঙ্গে আড্ডা দিতে দিতে সময় যে দ্রুত কেটে যাচ্ছে, অনেকেই তা খেয়াল করছেন না।
বিজ্ঞাপন
মগবাজার থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা সুমাইয়া জানান, সকালে এসে খোলা পরিবেশে সময় কাটিয়ে ভালো লাগছে। তিনি বলেন, এখানে পর্যাপ্ত জায়গা থাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানো যাচ্ছে এবং সন্ধ্যা পর্যন্ত থাকার পরিকল্পনা রয়েছে।
অনেক দর্শনার্থী বাসা থেকে খাবার নিয়ে এসেছেন। কেউ বড় গাছের নিচে চাদর বিছিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছেন। নির্ধারিত বেঞ্চে জায়গা না পেয়ে অনেকেই ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছেন। শিশুদের খেলাধুলা এবং তরুণদের ছবি তোলার দৃশ্য ছিল বেশ চোখে পড়ার মতো।
উদ্যান এলাকায় পেশাদার ক্যামেরা নিয়ে ছবি তুলে দেওয়ার জন্য কয়েকজন তরুণকেও ঘুরে বেড়াতে দেখা যায়।
বিজ্ঞাপন
তাদের একজন ওমর ফারুক জানান, স্বল্প মূল্যে ছবি তুলে তা ডিজিটালভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ করে দম্পতি, বন্ধু ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের ছবি তোলার আগ্রহ বেশি দেখা গেছে।
এদিকে, অনেকে জিয়া উদ্যানের মূল ফটকের সামনে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যাজ সংগ্রহ করে তা পরিধান করে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ তাদের সমাধির পাশেও ছবি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিজ্ঞাপন
ঈদের ছুটিতে রাজধানীর উন্মুক্ত ও সবুজ পরিবেশে সময় কাটানোর সুযোগ থাকায় প্রতিবছরের মতো এবারও এসব স্থানে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নগরজীবনের ব্যস্ততার মাঝেও পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে রাজধানীবাসীর আগ্রহ দিন দিন বাড়ছে।








