Logo

সড়কে গাড়ি বাড়লেও যাত্রী সংকট, ফাঁকা গণপরিবহন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১২:৪৬
সড়কে গাড়ি বাড়লেও যাত্রী সংকট, ফাঁকা গণপরিবহন
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পঞ্চম দিনে রাজধানীর সড়কে কিছুটা বেড়েছে যান চলাচল। তবে টানা ছুটি শেষ হলেও ঢাকার রাস্তায় এখনও নেই আগের ব্যস্ততা। যানজটমুক্ত সড়কে চলাচল স্বস্তিদায়ক হলেও কাটেনি যাত্রী সংকট—ফাঁকাই থাকছে অধিকাংশ গণপরিবহন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছুটির আগের দিনের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও সাধারণ মানুষের উপস্থিতি এখনও কম। বাসগুলোতে আসন খালি থাকছে, অনেক জায়গায় যাত্রী না পেয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

গাবতলী-যাত্রাবাড়ী রুটের একটি বাসের কন্ডাক্টর জানান, সকালে দুইটি ট্রিপ করেও আশানুরূপ ভাড়া পাওয়া যায়নি। প্রথম ট্রিপে ৭৫০ টাকা এবং দ্বিতীয় ট্রিপে ১২০০ টাকা উঠেছে। যাত্রী কম থাকায় বাস প্রায় ফাঁকাই চলাচল করছে।

বিজ্ঞাপন

অন্য একটি পরিবহনের কন্ডাক্টর বলেন, অর্ধেক আসনও পূরণ হচ্ছে না। ঈদের ছুটি শেষ হলেও অনেকেই এখনও ঢাকায় ফেরেননি। বর্তমান যাত্রীসংখ্যা দিয়ে পরিবহন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে।

এদিকে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আমিনবাজার থেকে শহরের ভেতরে আসা এক যাত্রী জানান, স্বল্প সময়েই গন্তব্যে পৌঁছানো গেছে, পথে কোনো যানজট ছিল না। এমন পরিস্থিতি নিয়মিত থাকলে চলাচল আরও সহজ হবে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে যাত্রী সংকটের প্রভাব পড়েছে সিএনজিচালিত অটোরিকশা চালকদের আয়ে। এক চালক জানান, সকালে বের হয়ে এখনো গাড়ির দৈনিক জমার টাকা তুলতে পারেননি। যাত্রী কম থাকায় ভাড়াও কম মিলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD