নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে সরকারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে প্রত্যেক নিহতের পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের জনস্বার্থে যৌথভাবে এই নোটিশ পাঠান।
নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। সংশ্লিষ্টদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে, অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আইনজীবীরা নোটিশে উল্লেখ করেন, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের যথাযথ পুনর্বাসনের বিষয়টি রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করা হয়।
এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সেই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে শোকের ছায়া ফেলেছে।
লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থ বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই নোটিশটি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। পরবর্তীতে অফিস খোলা থাকলে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।








