Logo

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১১:২২
আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার লক্ষ্যেই এই বার্তা প্রেরণ করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পাঠানো বার্তাটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তার মূল বিষয় হিসেবে দুই বন্ধুপ্রতীম দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো উঠে এসেছে।

বিজ্ঞাপন

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক চ্যালেঞ্জ এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের এ ধরনের ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ তাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং দুই দেশের জনগণের কল্যাণ, পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উভয় দেশ গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD