Logo

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৩:৪৭
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক এবং কোনো সংকট নেই। যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি রোধে মজুতদার ও অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তি ‘ফোর্স মেজর’-এর আওতায় পড়লেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক অগ্রগতি হয়েছে এবং অনুমোদন পাওয়া মাত্র দ্রুত সরবরাহ শুরু হবে।

জ্বালানি তেলের সরবরাহ ও পরিশোধন কার্যক্রম অব্যাহত রয়েছে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল পরিশোধন চলমান থাকায় সরবরাহে কোনো ঘাটতি নেই। উদ্ধার করা অবৈধ জ্বালানি বাজারে বিদ্যমান দামে বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সরাসরি সুবিধা পায়।

বিজ্ঞাপন

ডিজেল সরবরাহে কৃষকদের সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। ফিলিং স্টেশনে কোনো ভিআইপি অগ্রাধিকার দেওয়া হচ্ছে না; সবাইকে সমানভাবে জ্বালানি সরবরাহের নীতি অনুসরণ করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেছে। ভবিষ্যতে সরবরাহ আরও স্থিতিশীল করতে মধ্য এশিয়ার উজবেকিস্তান ও কাজাখস্তানসহ নতুন উৎস থেকে তেল আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে, পাশাপাশি সিঙ্গাপুর ও আঞ্চলিক বাজার থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD